২০২৪ সালের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার আগেভাগেই সতর্ক প্রশাসন

রিংকু সরকার, শিলিগুড়ি;৬ই সেপ্টেম্বর:তিস্তার জল বাড়ার আশঙ্কা, লালটং বস্তিতে পুলিশের মাইকিং।৬টি খাটালে শতাধিক গরু, নিরাপদ স্থানে সরে যাওয়ার আবেদন প্রশাসনের।ফের তিস্তার জলস্তর বাড়ার আশঙ্কা। সিকিমে বৃষ্টির জেরে নদীর জল বাড়তে পারে—এই আশঙ্কায় আগাম সতর্কতামূলক পদক্ষেপ নিল প্রশাসন। রবিবার তিস্তা বাজার সংলগ্ন লালটং বস্তিতে পৌঁছে বাসিন্দাদের সতর্ক করলেন পুলিশ ও বনদফতরের আধিকারিকরা। করা হয় মাইকিংও।২০২৪ সালের ভয়াবহ তিস্তার জলস্রোতের স্মৃতি এখনও তাজা। সেই সময় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল লালটং বস্তি। বস্তির বহু পরিবার এলাকা ছেড়ে অন্যত্র চলে গেলেও এখনও বেশ কয়েকটি পরিবার সেখানে বসবাস করছে।পরিস্থিতির গুরুত্ব বুঝে এদিন এলাকায় যান বনদফতরের রেঞ্জার এবং ভক্তিনগর থানার আইসি মহেশ্বর মাঝি। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাঁদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার আবেদন জানানো হয়।শুধু মানুষ নয়, বস্তিতে থাকা গবাদি পশু নিয়েও উদ্বেগ রয়েছে প্রশাসনের। জানা গিয়েছে, লালটং বস্তিতে বর্তমানে রয়েছে ৬টি খাটাল, যেখানে শতাধিক গরু রয়েছে। খাটালগুলির দেখাশোনার জন্য রয়েছেন প্রায় সাতজন কর্মী। তিস্তার জল আচমকা বেড়ে গেলে মানুষ এবং গবাদি পশু—উভয়েরই বিপদের আশঙ্কা রয়েছে।তাই পরিস্থিতি আরও খারাপ হওয়ার আগেই খাটাল সরিয়ে নেওয়ার জন্য মালিকদেরও সতর্ক করা হয়েছে। পাশাপাশি তিস্তার জলস্তরের পরিস্থিতির উপর প্রশাসনের তরফে নিয়মিত নজরদারি চালানো হচ্ছে।২০২৪ সালের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার আগেভাগেই সতর্ক প্রশাসন।