বুড়াধরলা নদীতে নিখোঁজ দুই কিশোর, উদ্ধার রনজয়ের দেহ;

মনীষা গিরি, দিনহাটা :দীপের সন্ধানে ফের তল্লাশি দিনহাটায় বুড়াধরলা নদীতে তলিয়ে যাওয়া দুই কিশোরের মধ্যে শুক্রবার সকালে একজনের দেহ উদ্ধার হয়েছে। এদিন নদীতে ভাসমান অবস্থায় রনজয় বর্মনের দেহ উদ্ধার করা হয়। এখনও নিখোঁজ অপর কিশোর দীপ কুমার রায়। তাঁর সন্ধানে উদ্ধার অভিযান নতুন করে শুরু হয়েছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার দিনহাটা থানার অন্তর্গত মাতালহাট গ্রাম পঞ্চায়েতের বড়ভিটা কানার চৌপথির কাছে বুড়াধরলা নদীতে তলিয়ে যায় দুই কিশোর। একজন হলেন রনজয় বর্মন এবং অপরজন দীপ কুমার রায়। দুই কিশোরের নদীতে তলিয়ে নিখোঁজ হওয়ার খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে বহু মানুষ জড়ো হন। খবর দেওয়া হয় দিনহাটা থানায় এবং তারপরেই শুরু হয় তাঁদের খোঁজে তল্লাশি।তবে সন্ধ্যার পর অন্ধকার নেমে আসায় নদীতে আর উদ্ধারকাজ চালানো সম্ভব হয়নি। ফলে বৃহস্পতিবার রাতেই সাময়িকভাবে অভিযান বন্ধ রাখতে হয়। রাত বাড়ার সঙ্গে সঙ্গে নিখোঁজ দুই কিশোরের পরিবারের সদস্যদের উৎকণ্ঠাও বাড়তে থাকে।শুক্রবার সকালে নদীতে রনজয় বর্মনের দেহ ভাসতে দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। অন্যদিকে, এখনও নিখোঁজ দীপ কুমার রায়ের সন্ধানে ফের তল্লাশি শুরু করা হয়েছে। পুলিশের পাশাপাশি SDRF-এর টিমও ঘটনাস্থলে পৌঁছে নদীতে উদ্ধার অভিযান চালাচ্ছে বলে জানা গিয়েছে।রনজয়ের দেহ উদ্ধারের পর তাঁর পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। অন্যদিকে, দীপের এখনও কোনও সন্ধান না মেলায় উদ্বেগে রয়েছেন তাঁর পরিবারের সদস্যরা। শেষ খবর পাওয়া পর্যন্ত নদীতে নিখোঁজ কিশোরের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।