ফারাক্কায় ভূমিধসের জেরে ট্রেন পরিষেবা বিপর্যস্ত, যাত্রীদের ভরসা এখন বাস—শিলিগুড়ি থেকে কলকাতার পথে বাড়ল সরকারি বাস

রিংকু সরকার,শিলিগুড়ি, ৪ সেপ্টেম্বর: ফারাক্কায় ভূমিধসের জেরে রেল পরিষেবা ব্যাহত। একাধিক ট্রেন বাতিল ও পরিষেবা বিঘ্নিত হওয়ায় চরম সমস্যায় পড়েছেন যাত্রীরা। পরিস্থিতি সামাল দিতে এবার শিলিগুড়ির তেনজিং নোরগে বাস টার্মিনাস থেকে কলকাতার উদ্দেশ্যে বাড়ানো হল সরকারি বাস পরিষেবা।সাধারণত উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার পক্ষ থেকে প্রতিদিন শিলিগুড়ি থেকে কলকাতার উদ্দেশ্যে ছয়টি বাস চলাচল করে। তবে ফারাক্কার রেলপথ বিপর্যয়ের পর যাত্রীদের বাড়তি চাপ সামাল দিতে আরও সাতটি বাস দেওয়া হয়েছে। ইতিমধ্যেই অতিরিক্ত বাসগুলি কলকাতার উদ্দেশ্যে রওনা দিতে শুরু করেছে।শুধু তাই নয়, যাত্রীদের চাহিদা অনুযায়ী আরও বাস পরিষেবা বাড়ানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রাথমিক পর্যায়ে প্রায় ৪০টি অতিরিক্ত সরকারি বাসের ব্যবস্থা করা হয়েছে বলে জানা গিয়েছে। তেনজিং নোরগে বাস টার্মিনাসে ৩৫ থেকে ৪০টি সরকারি বাস কলকাতার উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য প্রস্তুত রাখা হয়েছে।আজ সন্ধ্যা ৭টা থেকে এই অতিরিক্ত বাস পরিষেবা চালু করার হয়। ইতিমধ্যেই তেনজিং নোরগে বাস টার্মিনাসে পৌঁছে গিয়েছেন শিলিগুড়ির বিধায়ক তথা রাজ্যের পর্যটন মন্ত্রী ডঃ শঙ্কর ঘোষ এবং পরিবহণ দপ্তরের প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন।পরিস্থিতি পর্যালোচনা করে পরিবহণ মন্ত্রী শ্রী অর্জুন সিংয়ের সঙ্গে আলোচনা ও পরামর্শের পর অতিরিক্ত বাস পরিষেবা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রীদের বক্তব্য, যাত্রীদের চাহিদা অনুযায়ী প্রয়োজনে আরও বাস বাড়ানো হবে।রেল পরিষেবা স্বাভাবিক না হওয়া পর্যন্ত যাত্রীদের যাতে কলকাতা ও উত্তরবঙ্গের মধ্যে যাতায়াতে বড় ধরনের সমস্যার মুখে পড়তে না হয়, সেই লক্ষ্যেই এই বিশেষ উদ্যোগ বলে জানানো হয়েছে।ফারাক্কার রেলপথ বিপর্যয়ের জেরে যখন উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ কার্যত ধাক্কা খেয়েছে, তখন বিকল্প গণপরিবহণ হিসেবে সরকারি বাস পরিষেবাই এখন যাত্রীদের অন্যতম ভরসা।