সাংবাদিককে মারধর ও মোবাইল কেড়ে নেওয়ার অভিযোগ, নার্সিংহোমের ম্যানেজার গ্রেফতার

মনীষা গিরি ,শিলিগুড়ি :
অগ্নিকাণ্ডের খবর সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে বচসা, লাইভ রিপোর্টিংয়ে বাধা এবং মারধরের অভিযোগে সেবক রোডের একটি নার্সিংহোমের ম্যানেজার সুতনয় চৌধুরীকে গ্রেফতার করেছে ভক্তিনগর থানার পুলিশ। রবিবার সন্ধ্যায় তাঁকে আটক করার পর রাতে গ্রেফতার করা হয়। সোমবার তাঁকে জলপাইগুড়ি জেলা আদালতে পেশ করা হয়।
শনিবার সন্ধ্যায় নার্সিংহোমে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন একাধিক সাংবাদিক। অভিযোগ, লাইভ রিপোর্টিং চলাকালীন নার্সিংহোমের কয়েকজন কর্মীর সঙ্গে তাঁদের বচসা শুরু হয়। সাংবাদিকদের লাইভ বন্ধ করার জন্য চাপ দেওয়ার পাশাপাশি মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা এবং মারধরের অভিযোগও ওঠে।
ঘটনায় সাংবাদিক মনোজ কাশ্যপ আহত হন বলে জানা গিয়েছে। তাঁর অভিযোগ, মোবাইল দিতে অস্বীকার করায় তাঁকে নাক ও মাথায় আঘাত করা হয়। চিকিৎসার পর তিনি ভক্তিনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সাংবাদিক জেমস পোদ্দারের সঙ্গেও দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে।
অন্যদিকে, নার্সিংহোমের মেডিক্যাল ডিরেক্টর চিকিৎসক অশোক কুমার খন্ডরকার দাবি করেছেন, ম্যানেজারের বিরুদ্ধে কাজের সময় সমস্যার সৃষ্টি করার অভিযোগ রয়েছে। তবে সাংবাদিকদের মারধরের ঘটনা সম্পর্কে তিনি অবগত নন বলে জানান।
ঘটনায় ইতিমধ্যেই সাংবাদিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। পুরো বিষয়টি তদন্ত করছে পুলিশ। অভিযোগের সত্যতা ও ঘটনায় অন্য কারও ভূমিকা ছিল কি না, তা তদন্তের পরই স্পষ্ট হবে।