ওদলাবাড়িতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, মৃত্যু দুই গৃহবধূর

ওদলাবাড়ি: মর্নিং ওয়াকে বেরিয়ে আর বাড়ি ফেরা হল না। বুধবার ভোরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল ওদলাবাড়ির দুই গৃহবধূর। মৃতদের নাম দীপমালা থাপা ও সুমা দেবী প্রসাদ।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো এদিন ভোরেও দু’জনে একসঙ্গে মর্নিং ওয়াকে বেরিয়েছিলেন। হাঁটা শেষে বাড়ি ফেরার পথে মালবাজার ব্লকের ওদলাবাড়ি চেল সেতু সংলগ্ন ১৭ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে।অভিযোগ, পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি ইনোভা গাড়ি তাঁদের সজোরে ধাক্কা মারে। ধাক্কার তীব্রতায় ঘটনাস্থলেই মৃত্যু হয় সুমা দেবী প্রসাদের। গুরুতর জখম হন দীপমালা থাপা। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ওদলাবাড়ি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁরও মৃত্যু হয়।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মালবাজার থানার পুলিশ। ঘাতক গাড়ি ও চালককে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।একসঙ্গে দুই গৃহবধূর মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা ওদলাবাড়ি এলাকায়।