কাশ্মীরে জঙ্গি হামলাতে জখম ধূপগুড়ির সিআরপিএফ জওয়ানের মৃত্যু হল
ক্ষীরোদা রায়,ধূপগুড়ি: কাশ্মীরে সিআরপিএফের কনভয়ে জঙ্গিদের হামলায় গুরুতর আহত ধূপগুড়ির জওয়ান জগন্নাথ রায় মারা গিয়েছেন সোমবার আনুমানিক সন্ধ্যা ছয়টায়। সেনাবাহিনীর পক্ষ থেকে তাঁর মৃত্যু হওয়ার কথা পরিবারের সদস্যদের জানানো হয়। তাঁর মৃত্যুর খবর শোনার পর পশ্চিম শালবাড়ির বাড়িতে কান্নার রোল ওঠে। শনিবারবার মৃত জওয়ানের দাদা, শ্যালক সহ পরিবারের তিন সদস্য জগন্নাথকে দেখতে পৌঁছে গিয়েছেন হাসপাতালে। সেখান থেকে বাড়ির সদস্যরা জানতে পারেন চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি। তবে সোমবার সন্ধ্যায় তাঁর মৃত্যুর খবর সেনাবাহিনী সূত্রে জানানো হয়। উল্লেখ্য, সেন্ট্রাল কাশ্মীরের শ্রীনগর-বারমুল্লা জাতীয় সড়কের উপর লাওয়াপোরোতে সিআরপিএফ এর ৭০ নং ব্যাটেলিয়ন এর কনভয়ের ওপর গত ২৫ শে মার্চ জঙ্গিদের হামলায় শহীদ হয়েছেন ২ জওয়ান এবং গুরুতর আহত হন ৩ জন। এর মধ্যে জগন্নাথ রায় (৩৩) নামে ধূপগুড়ি ব্লকের পশ্চিম শালবাড়ি গ্রামের জওয়ান ছিলেন সেই কনভয়ে। ঐ জওয়ান সহ আরো এক জওয়ানের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাদের বিশেষ চিকিৎসার ব্যবস্থা করা হয়। জগন্নাথ রায়ের পরিবার সূত্রে জানা গিয়েছে, আজ সন্ধ্যায় তাঁর মৃত্যুর খবর জানান সেনা আধিকারিকরা। জগন্নাথের বাবা গত হয়েছেন অনেক আগেই। ষাটোর্ধ্ব মা প্রমীলা রায়, দাদা, বৌদি, ভাইপো ও স্ত্রী সহ এক পুত্র সন্তান রয়েছে জগন্নাথের।
