আফগানিস্তানে আটক সকল ভারতীয়কে দেশে ফেরানো হবে : নিশীথ
ডেস্ক রিপোর্ট : আফগানিস্তানে আটক সকল ভারতীয়কে দেশে ফিরিয়ে আনা হবে, বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামানিক। বিজেপির শহীদ সম্মান যাত্রা উপলক্ষে ধুপগুড়িতে নিশীথ প্রামানিক সাংবাদিকদের জানান, ভারতের একজন মানুষও যদি বিপদে পড়েন আপনারা নিশ্চিন্তে থাকুন, আমরা গুরুত্ব সহকারে খুব সিরিয়াস ভাবে বিষয়টিকে দেখছি। ভারতের বিদেশমন্ত্রালয়ের সঙ্গে ওখানে আটক ভারতীয়দের যোগাযোগ চলছে। আমরা অনেককেই ভারতে ফিরিয়ে এনেছি, আরও যারা রয়েছেন তাদেরকেও খুব দ্রুত ভারতে ফিরিয়ে আনার জন্য আমরা ব্যবস্থা করছি।
আমেরিকা সেনা সড়িয়ে নেওয়ার পর গত পনেরোই আগস্ট আফগানিস্তানে ফের তালিবানি শাসন কায়েম হয়। আফগানিস্তানে তালিবানি শাসনের জেরে স্বাভাবিক জনজীবন ছন্দহীন হয়ে পড়ে। আফগানিস্তানিদের সঙ্গে বিদেশীরাও দেশ ছাড়তে শুরু করে। বহু ভারতীয়কে দেশে ফিরিয়ে নিয়ে আসে ভারত সরকার। উত্তরবঙ্গ সহ ভারতের আরও বেশ কিছু মানুষ আটকে রয়েছেন সেই দেশে। উত্তরবঙ্গের মালবাজারের ওদলাবাড়ি ও কার্শিয়াংয়ের কয়েকটি পরিবারের সদস্য সেখানে কর্মসূত্রে বসবাস করেন। তারা দেশে ফেরার আর্জি জানিয়েছেন। এইদিন নিশীথ প্রামাণিক তাদের দেশে ফিরিয়ে আনার ব্যাপারে পরিবারের লোকেদের আশ্বস্ত করেছেন।
