জয়গাঁ ডেভলপমেন্ট অথরিটির চেয়ারম্যান হলেন গঙ্গাপ্রসাদ শর্মা
ক্ষীরোদা রায়, আলিপুরদুয়ার: জয়গাঁ ডেভলপমেন্ট অথরিটির চেয়ারম্যান হলেন তৃণমূল কংগ্রেসের গঙ্গাপ্রসাদ শর্মা। বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগদানের উপহার পেলেন গঙ্গাপ্রসাদ, কটাক্ষ বিজেপির। বিজেপির কটাক্ষ পদ পাওয়ার লোভেই দল ছেড়েছেন তিনি।
উল্লেখ্য, গত ১৬ই আগস্ট রাজ্য সরকার একটি নির্দেশিকা মারফৎ গঙ্গাপ্রসাদ শর্মাকে জয়গাঁ ডেভলপমেন্ট অথরিটির নতুন চেয়ারম্যান ঘোষণা করে এবং জয় প্রকাশ টোপ্পোকে ভাইস চেয়ারম্যান ঘোষণা করে।
উল্লেখ্য, বামফ্রন্ট সরকার সাবেক জলপাইগুড়ি জেলার ভূটান সীমান্তবর্তী জয়গাঁতে উন্নয়ন কর্তৃপক্ষ গঠণ করে। মোট ৪৬ বর্গ কিমি এলাকা জুড়ে বিস্তৃত এই উন্নয়ন কর্তৃপক্ষ। দলসিংপাড়া চা বাগান, তোর্সা চা বাগান, মেচিয়া বস্তি, গোপীমোহন চা বাগান ও ছোট জয়গাঁ জুড়ে এই উন্নয়ন কর্তৃপক্ষ বিস্তৃত। দুই দশক ধরে জয়গাঁ অত্যন্ত দ্রুত গতিতে ব্যবসা বাণিজ্যের কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করেছে। সীমানাবর্তী এই অঞ্চলের দ্রুত উন্নয়নের স্বার্থে এবং ভবিষ্যত উন্নয়নের রুপরেখা তৈরি করতে স্থানীয় কর্তৃপক্ষ গঠণ করা হয়। জয়গাঁ কলেজ তৈরি, মোচুয়া হাট থেকে গোরি বাজার পর্যন্ত নর্দমা তৈরির কাজ ছাড়াও রাস্তাঘাট, পানীয় জল প্রকল্পের কাজ করেছে জয়গাঁ ডেভলপমেন্ট অথরিটি।
জয়গাঁ ডেভলপমেন্ট অথরিটির নতুন চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মা বলেন, “তৃণমূল কংগ্রেস আমার উপর ভরসা রেখেছে, আমাকে এই পদ দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেস নেতৃত্বের কাছে আমি কৃতজ্ঞ। এই প্রথম প্রশাসনিক পদ পেয়েছি। জয়গাঁ ডেভলপমেন্ট অথরিটির চেয়ারম্যান হিসেবে উন্নয়নের জন্য কাজ করে যাবো।” গঙ্গাপ্রসাদ শর্মার নতুন পদ পাওয়া নিয়ে বিরোধীরা কটাক্ষ করেছেন গঙ্গাপ্রসাদ শর্মাকে। তাদের বক্তব্য, পদ পাওয়ার জন্যই দল ছেড়েছেন তিনি এবং তৃণমূল কংগ্রেস তাকে উপহার স্বরুপ জয়গাঁ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদ দিয়েছে। তবে গঙ্গাপ্রসাদ শর্মারৈ নতুন পদ পাওয়া নিয়ে কিছু বলতে নারাজ বিজেপি নেতৃত্ব। এই বিষয়ে আলিপুরদুয়ার জেলা বিজেপির কনভেনর ভূষণ মোদক বলেন, তৃণমূল কংগ্রেস তার দলের কাকে কোন পদে রাখবে এই নিয়ে আমরা কিছু বলব না।” উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের পর বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন গঙ্গাপ্রসাদ। কলকাতায় তৃণমূল ভবণে তিনি দলবদল করেন।
