পাহাড়িয়া এক্সপ্রেস একদিন অন্তর চালানোর দাবি, মন্ত্রীকে চিঠি বিজেপি জেলা সভাপতি অরুন মন্ডলের


শিলিগুড়ি: উত্তরবঙ্গের সঙ্গে দিঘার রেল যোগাযোগ আরও উন্নত করতে পাহাড়িয়া এক্সপ্রেসের পরিষেবা বাড়ানোর দাবি জানাল বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলা। বর্তমানে নিউ জলপাইগুড়ি (NJP) থেকে দিঘা (DGHA) পর্যন্ত চলাচলকারী ১৫৭২২/১৫৭২১ নম্বর পাহাড়িয়া এক্সপ্রেস সপ্তাহে একদিন পরিষেবা দেয়। এই ট্রেনটি একদিন অন্তর চালানোর প্রস্তাব জানিয়ে পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন ও সংসদীয় বিষয়ক দপ্তরের মন্ত্রী শঙ্কর ঘোষের কাছে চিঠি দিয়েছেন বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলা সভাপতি অরুণ মণ্ডল।চিঠিতে বলা হয়েছে, উত্তরবঙ্গ গুরুত্বপূর্ণ পর্যটন ও যাতায়াত কেন্দ্র। অন্যদিকে দিঘা রাজ্যের অন্যতম জনপ্রিয় সমুদ্র পর্যটনকেন্দ্র। বর্তমানে সপ্তাহে মাত্র একদিন ট্রেন চলায় বিশেষ করে সপ্তাহান্তে পর্যটক, পরিবার ও প্রবীণ নাগরিকদের টিকিট পেতে সমস্যায় পড়তে হচ্ছে বলে দাবি করা হয়েছে।ট্রেনটির পরিষেবা একদিন অন্তর করা হলে উত্তরবঙ্গ ও দিঘার মধ্যে পর্যটন যোগাযোগ আরও বাড়বে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি দিঘার হোটেল, স্থানীয় ব্যবসা এবং পর্যটন শিল্পও এর ফলে উপকৃত হবে বলে দাবি করা হয়েছে।এই প্রস্তাবটি সংশ্লিষ্ট রেল কর্তৃপক্ষের কাছে তুলে ধরে দ্রুত পরিষেবা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আবেদন জানানো হয়েছে।

বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলা সভাপতি অরুন মন্ডল