চুরি হয়ে গেল সোলার স্ট্রিট লাইট ও ব্যাটারি
সৌমিত্র বর্মন,ফুলবাড়ি : সোলার স্ট্রিট লাইট সহ ব্যাটারি চুরির ঘটনায় চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে মাথাভাঙা ২ নং ব্লকের বড়ো শৌলমারি গ্রাম পঞ্চায়েত বার্নি বাড়ি এলাকায়।বুধবার সকালে স্থানীয়রা দেখতে পান এলাকার শ্মশান মোড়ে থাকা সোলার লাইট ও ব্যাটারি কে বা কারা চুরি করে নিয়ে গেছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।এরপর বিষয়টি তারা গ্রাম পঞ্চায়েত প্রধানকে জানান।
জানা যায়,বিধানসভা ভোটের আগে মাথাভাঙা ২ নং ব্লক জুড়ে প্রায় ১০০০ টি অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি সোলার স্ট্রিট লাইট রাস্তার ধারে বসানো হয়। সন্ধ্যায় সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার্থে সোলার লাইট গুলি বসানো হয়।ব্লকের প্রতিটি অঞ্চলে প্রায় ১০০ টি করে সোলার লাইট বসানো হয়।সেই সময় এলাকার বিধায়ক তথা আদিবাসী ও অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের মন্ত্রী ছিলেন বিনয় কৃষ্ণ বর্মন।তার দপ্তরের অর্থানুকূল্যে স্ট্রিট লাইট গুলি বসানো হয়।তার মধ্যে একটি বসানো হয়েছিল বড়ো শৌলমারি গ্রাম পঞ্চায়েতের ২৮ নং বুথের বার্নি বাড়ি এলাকার শ্মশান মোড়ে।কিন্তু মঙ্গলবার রাতে সোলার লাইট ও ব্যাটারি কে বা চুরি করে নিয়ে গেছে বলে স্থানীয়দের অভিযোগ।এলাকার বাসিন্দা সমীর বর্মন জানিয়েছেন,আজ সকালে তিনি দেখতে পান শ্মশান মোড়ে থাকা সোলার লাইটের খুঁটি মাটিতে পড়ে আছে।সোলার লাইট ও ব্যাটারি উধাও।রাতে কে বা কারা চুরি করে নিয়ে গেছে।বিষয়টি গ্রাম পঞ্চায়েত প্রধানকে জানানো হয়েছে।
বড়ো শৌলমারি গ্রাম পঞ্চায়েতের প্রধান মহাদেব বিশ্বাস বলেন, বিষয়টি শুনেছি। ওখানকার পঞ্চায়েতের সঙ্গে বিষয়টি আলোচনা করে দেখা হচ্ছে।
