কমিটি ঘোষণা নিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে শীতলকুচিতে
সঞ্জয় কুমার বর্মন, মাথাভাঙ্গা,২১ ফেব্রুয়ারি: “কমিটি সম্পর্কে আমাকে আগে কিছুই জানানো হয়নি, আমাকে না জানিয়ে কমিটি তৈরি করেছে, ওরা বরাবরই এরকম টা করে থাকে। এমনটাই দলের একাংশের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন তৃনমূল কংগ্রেসের মাদার কমিটির ব্লক সভাপতি তপন কুমার গুহ। উল্লেখ্য, রবিবার শীতলকুচি ব্লক তৃনমূল কংগ্রেসের কার্যালয়ে দলের ব্লক সহ-সভাপতি সায়ের আলী মিঞাকে পাশে বসিয়ে তিনটি গ্রাম পঞ্চায়েতের অঞ্চল কমিটি সহ বুথের যুব কমিটি ঘোষণা করেন যুব সভাপতি মৃত্যুঞ্জয় সরকার। সেনিয়ে তৃনমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। অভিযোগ বেছে বেছে লালবাজার,গোলেনাহাটি, খলিসামাড়ি গ্রাম পঞ্চায়েতে নিজের পছন্দসই লোককে পদ পাইয়ে দেওয়া হয়েছে। দলকে কোন গুরুত্বই দেয়নি বলে খবর। ব্লক সভাপতি তপন কুমার গুহ বলেন, কিভাবে কমিটি তৈরি হল। সেনিয়ে আমি একদম অন্ধকারে। আমাকে না জানিয়ে কমিটি তৈরি করা হয়েছে। আজকে যখন কমিটি ঘোষণা হবে, তখন আমাকে বলে। কিন্তু আমি সেখানে উপস্থিত হইনি। যে কমিটি জানি না, সেখানে উপস্থিত হব কেন? যদিও সাংবাদিক সম্মেলনে যুব তৃনমূল কংগ্রেসের সভাপতি বলেন ওনাকে বলা হয়েছে, দলীয় কাজে ব্যস্ত থাকায় আসতে পারেনি। কিন্তু এব্যাপারে মুখ খুলতে নারাজ এলাকার বিধায়ক হিতেন বর্মন। ভোটের মুখে শীতলকুচিতে তৃনমূল কংগ্রেসের কমিটি ঘোষণা নিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসায় কিছুটা হলেও ব্যাকফুটে চলে গেল বলে মনে করছেন রাজনৈতিক মহল। কিন্তু গোষ্ঠীদ্বন্দ্বের তথ্যকে মানতে নারাজ দু’পক্ষই।